সাত সকালে মহাসড়কে ঝরে গেছে তিনটি প্রাণ। দুর্ঘটনাটি ঘটেছে রামপাল উপজেলার খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায়। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহা-সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মডেলের ছেলে মো. সাঈদ মোড়ল (৪৫) নিহত হন। অপরযাত্রী একই এলাকার একলাস মোড়লের ছেলে মো. আজাদ মোড়ল (৩৫) এবং ভ্যানচালক কুমলাই গাব্বুনীয়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো. মনি (৪৫) কে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাক চালক যশোর জেলার চৌগাছা উপজেলার চান্দা আফরা এলাকার সামছুল গাজীর ছেলে মো. সাফায়েত হোসেন (১৮) কে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। ঘাতক ট্র্যাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিআইও ১ বাবুল আকতার জানান, সকালে খুলনা -মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। ঘাতক ট্র্যাকটি হেফাজতে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

