বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) আন্দোলনে তারা হতাশ, নেতা-কর্মীরা হতাশ। সামনে ক্ষমতা আছে এই মূলো ঝুলিয়ে নেতা কর্মীদের জড়ো করেছে। সমাবেশের নামে পিকনিক পার্টি করেছে। কিন্তু তাদের এইসব সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি। জনগণ ছাড়া আন্দোলন কেমন করে হবে? নেতা-কর্মীদের আন্দোলন, জনগণ ছিল না, নেতাকর্মী দিয়ে সুনামি হবে কিভাবে?
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
এর আগে, ওবায়দুল কাদেরের নেতৃত্বে একুশে আগস্ট গ্রেনেড হামলার নিহত আইভি রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদে হত্যা খুন, সন্ত্রাসের অপরাজনীতির প্রসঙ্গ তুলে ওবায়দুল বলেন, ‘দেশবাসীর প্রতি প্রশ্ন রাখতে চাই? এই হত্যা ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে যারা জড়িত যারা গণতন্ত্রের নামে মায়া কান্না কাঁদছে তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থানের কোনো সুযোগ আছে কিনা?’
সরকার পতনের যে সুনামি দরকার সেটা বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখছেন না বিষয়ে এক প্রশ্নের জবাব ওবায়দুল কাদের বলেন, ‘এটা যে তিনি দেখবেন না, এটা সবাই জানে। কারণ এই দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই এবং আন্দোলনের জন্য দুইটা বিষয় লাগে। একটা হলো অবজেক্টিভ কন্ডিশন আরেকটা হলো আরেকটা সাবজেক্টিভ প্রিপারেশন। তাদের অবজেক্টিভ কন্ডিশনও নেই সাবজেক্টিভ প্রিপারেশনও নেই।’
২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন আইভি রহমান। এরপর হাসপাতালে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিততে পারেননি আর। না ফেরার দেশে পাড়ি জামিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার ১৯তম মৃত্যুবার্ষিকী।
শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্যরা।

