বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ৫০ বছর পরও দেশের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। দেশে এখন আর গণতন্ত্র নেই। গণতন্ত্র ছাড়া মুক্ত ও স্বাধীন গণমাধ্যম সম্ভব নয়।
তিনি বলেন, এই সরকার পুরো সমাজকে নষ্ট করেছে। শুধু রাজনীতি, সংসদ, গণমাধ্যম নয়; সরকার প্রতিটি ক্ষেত্র বিনষ্ট করেছে। তারা দেশের সব অর্জনকে ধূলিসাৎ করেছে।
সোমবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের সংবাদমাধ্যম: দুঃশাসনের দেড় দশক’ শীর্ষক সেমিনারে এসব অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সর্বগ্রাসী ফ্যাসিবাদী সরকার পুরো দেশকে গ্রাস করেছে। ফ্যাসিবাদী সরকারের অন্যতম প্রধান অস্ত্র গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। তারা যেসব অপকর্ম করছে এবং তারা যে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তা লোকচক্ষুর আড়াল করার প্রয়োজন। আওয়ামী লীগ সরকার দেড় দশক ধরে সুকৌশলে সেটাই করে আসছে।
বিএনপির মহাসচিব বলেন, তারা জোর করে, অবৈধভাবে এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে বসে আছে। নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে, তাদের পুরনো আশা-আকাঙ্ক্ষা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা সংবিধান পরিবর্তন করেছে। সংসদকে নিয়ন্ত্রণ করছে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। সমস্ত প্রশাসনসহ পুরো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।
সেমিনারে বিএনপির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

