কক্সবাজার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় শিশু ও নারীসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জয়নাল (২৮) নামে এক দালালকে আটক করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনালের শ্যামলী পরিবহন কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। আটক জয়নাল উখিয়ার বালুখালীর বাসিন্দা সেলিমের ছেলে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, কক্সবাজার টার্মিনালের শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছু রোহিঙ্গাকে জড়ো করার খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আটক জয়নালের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার ফয়সাল নামে এক ব্যক্তির কথা মতো রোহিঙ্গাদের নিয়ে এসেছেন তিনি। আটক দালালের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংশ্লিষ্টদের মাধ্যমে ক্যাম্পে পাঠানো হবে। আর দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

