নিজস্ব প্রতিবেদক : বিদেশে অর্থ পাচারের অভিযোগে নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছে দুদক সূত্র।
অভিযুক্তরা হলেন- নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস, মহাব্যবস্থাপক (আমদানি) মো. আলফাজ উদ্দিন, মহাব্যবস্থাপক (মার্কেটিং এ্যান্ড সেলস) মো. শামীম আহম্মেদ, মহাব্যবস্থাপক (ফাইনান্স ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান, সহকারি মহাব্যবস্থাপক (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, ক্যাশিয়ার মো. শামীম, এজে মানি চেঞ্জারের মালিক সাইদুল ইসলাম, কর্মচারী মো. এমদাদুল, আদিল আহমেদ ও ফিরোজ আহমেদ।
নাসির গ্রুপের বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগে এ মামলা হচ্ছে। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সূত্র জানায়, গ্রুপটি বিপুল পরিমাণ মার্কিন ডলার হুন্ডির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে। এরমধ্যে সুইজারল্যান্ড, হংকং ও চীনে ৮৫ হাজার মার্কিন ডলার পাচারের প্রমাণ পেয়েছে দুদকের তদন্তকারী দল।

