চট্টগ্রাম প্রতিনিধি : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সাংবাদিকদের অমিমাংসিত বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছি। সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত পত্রিকার জন্য ওয়েজ বোর্ড ছিল। টেলিভিশনের পাশাপাশি দেশে অনেক এফএম রেডিও আছে। দুই-একটির শ্রোতার সংখ্যাও অনেক টেলিভিশনের দর্শকের চেয়ে বেশি। তাদেরও সম্প্রচার নীতিমালার আওতায় আনা হবে।
রোববার নগরীর জামালখানসড়কস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী অনলাইন গণমাধ্যমের বিস্তার প্রসঙ্গে বলেন, অনলাইন মিডিয়া পৃথিবীর বাস্তবতা। প্রতি ২-১ ঘণ্টা পর পর আমি অনলাইনে ঢুকি। অনলাইনের প্রয়োজন আছে। দেশের অনেক অনলাইন সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করছে। কিছু অনলাইনের এ দায়বদ্ধতা নেই। সম্প্রচার নীতিমালা পাস হলে অনলাইনগুলো নিবন্ধন করা হবে। ইতিমধ্যে অনেক অনলাইনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
হাছান মাহমুদ আরো বলেন, প্রধানমন্ত্রী আমাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেবেন কখনও ভাবিনি। কলেজ জীবনে আমি অনেক মাইকিং করেছি। দলের পক্ষে অনেক প্রেস রিলিজ লিখেছি। প্রধানমন্ত্রী দলের ও রাষ্ট্রের মাইক আমার হাতে ধরিয়ে দিয়েছেন। ছয় বছর দলের পক্ষে সাংবাদিকদের সঙ্গে ওঠাবসা আমার। আমি সব সময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যেতে চাই।
মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে ৯ ঘণ্টা সম্প্রচার শুরু হবে। কয়েক মাস পর ১২ ঘণ্টায় উন্নীত করা হবে। নতুন বছরের শুরুতে বিটিভির দ্বিতীয় টেরিস্টরিয়াল চ্যানেল হিসেবে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এই সম্মেলনে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

