সিলেট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর দলবদলের হিড়িক পড়েছে সিলেটে। ইতোমধ্যে বিএনপি সমর্থিত বেশ কয়েকজন বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যোগ দিয়েছেন আওয়ামী লীগে। তবে, এমন দলবদলে বিএনপির কোন ক্ষতি হবে না বলে দাবি করেছেন দলটির শীর্ষ নেতারা।
সর্বশেষ জেলা বিএনপির উপদেষ্টা আবুল কালাম শুক্রবার রাতে স্থানীয় সংসদ সদস্যের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দেন ।
তিনি দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কয়েক দিন ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। যদিও দলবদলের আগেই ‘দলীয় শৃঙ্খলা’ভঙ্গের অভিযোগ এনে গত সোমবার বিএনপির সব পদ থেকে তাকে অব্যাহতি দেয় জেলা বিএনপি।
দক্ষিণ সুরমার কুচাইস্থ মহিব কমিউনিটি সেন্টারে কুচাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দেন কয়েকবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। এসময় তাকে স্বাগত জানান আওয়ামী লীগের নেতারা।
তার আওয়ামী লীগের যোগদানের বিষয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ‘দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের যোগদান করছেন। এর ধারাবাহিকতায় কুচাই ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আওয়ামী লীগে যোগদান করলেন। আমরা তাকে স্বাগত জানাই। এতে অত্র ইউনিয়নের উন্নয়নমূলক কাজ গতিশীল হবে।
এর আগে গত ১৮ জানুয়ারি শুক্রবার এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের হাতে নৌকার ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারি হাবিব হোসেন। যদিও বিএনপির দাবি তিনি সিলেট বিএনপির কেউ নন। বেশ ক’বছর ধরে তিনি নিস্ক্রিয় ছিলেন।
এছাড়া একইদিন রাতে এমপির বাসায় তার সাথে দেখা করে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ কুতুব, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আ ফ ম শামীম, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েতুর রহমান রাজু আওয়ামী লীগে যোগদান করেন।
এদিকে, সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সম্প্রতি সাক্ষাত করেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফি আহমদ চৌধুরী। এ সময় তিনি ড. মোমেনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। ড. মোমেনের সাথে বিএনপি নেতা শফি চৌধুরীর সাক্ষাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাদের বিরুপ মন্তব্য করতে দেখা গেছে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে আওয়ামী লীগে যোগদান করেন সিলেট-১ আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ দাবি করেন, স্বার্থ সংশ্লিষ্ট কারণে বিএনপি’র কয়েকজন জনপ্রতিনিধি দল বদল করছেন। তাদের যোগদানের ফলে বিএনপি’র সাংগঠনিক কোন ক্ষতি হবে না বলেও উল্লেখ করেন তিনি।

