চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাহাড়তলী থানার একে খান মোড় এলাকায় অবস্থিত ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সৃষ্ট অগ্নিকাণ্ড বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিস্তৃত আকারে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানানো হয়, নগরীর আগ্রাবাদসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে কমপক্ষে ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের আকাশ জুড়ে। নগরীর প্রায় সব প্রান্ত থেকে এই কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

