স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন লাতিন ফুটবলার এডিনসন কাভানি। ৩১ বছর বয়সেও প্রতিপক্ষ ডিফেন্ডারদের আতঙ্ক উরুগুইয়ান এ তারকা। ফুটবলে নিজের ভবিষ্যত নিয়ে এবার কথা বলেছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা।
বর্তমান চুক্তি অনুযায়ী ২০২০ পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে থাকার কথা রয়েছে কাভানির। ওই চুক্তির মেয়াদ শেষ হলে অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন এ স্ট্রাইকার।
নিজের ভবিষ্যত সম্পর্কে কাভানি বলেন, ‘আমি আমার চুক্তির শেষ পর্যন্ত এখানে থাকতে ইচ্ছুক।আর হয়তো আমার ক্যারিয়ারের শেষ পর্যন্তও।আমি জানি না যে ২০২০ সালের পর খেলা চালিয়ে যাব কিনা। আর যদি চালিয়ে যাই তা প্যারিসেই হবে কিনা তাও জানি না। কিন্তু প্যারিসে আমার ভালো লাগছে। আমি মনে করি, ক্লাব আমাকে নিয়ে খুশি।’
২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে আসেন কাভানি। গত পাঁচ মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে উঠিয়ে এনেছেন ক্লাবের সর্বকালের অন্যতম সেরাদের তালিকায়। বর্তমান সময়ে সবচেয়ে দামি ফুটবলার নেইমারের সঙ্গে পার্ক দ্যাস প্রিন্সেসের ক্লাবটিতে বেশ ভালো ভাবেই মানিয়ে নিয়ে নিজেকে জানান দিয়ে চলছেন তিনি।
পিএসজিতে প্রথম তিন মৌসুমে প্রথম তিন মৌসুমে লিগে যথাক্রমে ১৬, ১৮ ও ১৯টি গোল করেন কাভানি। কিন্তু বয়েসের সঙ্গে বিকশিত কাভানি ২০১৬-১৭ মৌসুম থেকে আছেন দুর্দান্ত ছন্দে। ঐ মৌসুমে লিগ ওয়ানে ৩৬ ম্যাচে ৩৫ গোল করে সবার নজর কাড়েন তিনি। গত মৌসুমে করেছেন ৩২ ম্যাচে ২৮ গোল। জ্লাতান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে।
দরুণ ফর্মে থাকা এ তারকাকে ফিরে পেতে মরিয়া তার পুরনো ক্লাব নাপোলি। তবে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শে হলেই কেবল ভবিষ্যত নিয়ে নতুন করে ভাববেন বলে জানিয়েছেন উরুগুইয়ান এ তারকা।

