জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন ২০১৯ সালের অক্টোবরে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) হবে এ আয়োজন। মঙ্গলবার জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতিসাপেক্ষে তারিখ চূড়ান্ত করা হবে। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচি পাওয়ার পর ধূপখোলা মাঠকে সমাবর্তন আয়োজনের উপযোগী করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেয়েছেন, তারা প্রথম সমাবর্তনের অংশগ্রহণের সুযোগ পাবেন। এজন্য আগামী ফেব্রুয়ারি মাসে রেজিস্ট্রেশন শুরু হবে। সমাবর্তনের বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।

