বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা সুপার থার্টি। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও পিছিয়ে দিয়েছেন নির্মাতারা।
আজ রবিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিষয়টি জানিয়ে হৃতিক রোশান লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সুপার থার্টি সিনেমা ২৬ জুলাই ২০১৯ তারিখে মুক্তি পাবে।’
এরই মধ্যে নানা জটিলতার মুখোমুখি হয়েছে সিনেমাটি। গত বছর বলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের সময় এ সিনেমার পরিচালক বিকাশ বহেলের নাম উঠে আসে। এ নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের একজন নারী কর্মচারী। এছাড়া অভিনেত্রী কঙ্গনা রাণৌতও এ নির্মাতার হেনস্তার শিকার হয়েছেন বলে জানান। এটি প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্থম ফিল্মসের শেষ সিনেমা। নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানি, অনুরাগ কাশ্যপ, বিকাশ বহেল ও মধু মান্তেনা যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। গত বছর বিকাশ বহেলকে নিয়ে বিতর্ক তৈরি হলে প্রযোজনা প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা দেন তারা।
ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারকে নিয়ে নির্মিত হয়েছে সুপার থার্টি সিনেমা। গরীব ছাত্রদের আইআইটির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকেন আনন্দ। সিনেমাটিতে হৃতিক রোশানের সঙ্গে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর।

