বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার আর অভিনয় গুণে অনেক আগেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছেন, সেখানেও পেয়েছেন নানা সম্মাননা।
গতকাল শনিবার শাহনাজ হোসাইন ফ্রান্সিস স্যালুনের নতুন শাখা উদ্বোধন করেন জয়া আহসান। রাজধানীর গুলশান-১ অবস্থিত নতুন এই শাখার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পার্লারটির কর্ণধার আয়শা সিদ্দিকা রশ্মি, বিউটিশিয়ানসহ কর্মচারীরা। এ সময় জয়া আহসান স্যালুনটি ঘুরে দেখেন। এই পার্লার থেকে জয়া আহসানকে আজীবন প্রসাধনী সেবা প্রদান করা হবে বলে জানান আয়শা সিদ্দিকা রশ্মি।
জয়া আহসান বলেন, ‘এমন একটি স্যালুনের যাত্রা শুরু করার জন্য আয়শা সিদ্দিকা রশ্মিকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এখানে এমন একটি স্যালুনের দরকার ছিল। আমার মনে হয়, আমাদের এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে শাহনাজ হোসাইনের ভীষণ ভক্ত। এর অন্যতম কারণ হচ্ছে হারবাল প্রোডাক্টস। আমি হারবাল প্রোডাক্টসে আস্থা রাখি।’
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন জয়া। সম্প্রতি তার অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

