স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯০ রানে কাটা পড়েছিলেন রান আউটে। তবে পরের ম্যাচেই আক্ষেপটা দূর করলেন রস টেলর। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
নেলসনে মঙ্গলবার টেলর (১৩৭) ও হেনরি নিকোলসের (১২৪) দারুণ দুটি সেঞ্চুরি নিউজিল্যান্ডকে এনে দিয়েছিল ৩৬৪ রানের বড় পুঁজি। ১১৫ রানের বড় জয়ে তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।
এই সেঞ্চুরির পথে টেলর গড়েছেন দারুণ কীর্তি। ওয়ানডেতে এই নিয়ে টানা ৬ ইনিংসে পঞ্চাশ বা এর বেশি রান করলেন টেলর। যে কীর্তি তাকে স্বদেশী কেন উইলিয়ামসন, অ্যান্ড্রু জোন্স, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের পাশে বসিয়েছে। তারা সবাই টানা ৬ ইনিংসে পঞ্চাশ বা এর বেশি রান করেছেন।
তাদের ওপরে আছেন শুধু একজন। ১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে পঞ্চাশ বা এর বেশি রান করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। যেটি বিশ্ব রেকর্ড।
টেলর ছুঁতে পারবেন মিয়াঁদাদকে? সেটি সময়ই বলে দেবে। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি ২০টি সেঞ্চুরি করলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি সেঞ্চুরি আছে নাথান অ্যাস্টলের। সেঞ্চুরির দুই অঙ্ক ছুঁয়েছেন আর মাত্র দুজন- মার্টিন গাপটিল (১৪টি) ও উইলিয়ামসন (১১টি)।

