বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন নির্মাণ করেছেন ‘অন্ধকার জগৎ’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি। গত বছর শুরু হওয়া সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেয়া হয়েছে।
সেন্সর বোর্ডের একটি সূত্র জানান, কিছুদিন আগে ‘অন্ধকার জগৎ’ সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন।
‘অন্ধকার জগৎ’ সিনেমায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েব ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, আলেকজান্ডার বো সহ অনেকে।
চার বছর আগে মাহিকে নিয়ে কাজ করেছিলেন পরিচালক খোকন। মাহির সঙ্গে এই পরিচালকের এটি দ্বিতীয় সিনেমা। শুরুতে সিনেমাটির নাম ‘কাঙাল’ থাকলেও এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন তায়েব-মাহি জুটি। এর আগে ‘সোনা বন্ধু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ডি এ তায়েবের। এতে তায়েবের নায়িকা ছিলেন পরীমনি ও পপি।

