নিজস্ব প্রতিবেদক : তাদের বন্ধুত্বটা পুরোনো। বিপিএলের দ্বিতীয় আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে প্রথম একসঙ্গে খেলেছিলেন আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসান। এরপর তারা একই দলের জার্সি জড়িয়েছেন একাধিকবার।
আইপিএলে কলকাতার জার্সিতে, সিপিএলে জ্যামাইকা তালাওয়াস এবং বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেলেছেন সাকিব, রাসেল। বিপিএলে গত বছরও তার খেলার কথা ছিল। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি। কিন্তু এবার সবার আগে ঢাকা শিবিরে যোগ দেন ‘বিগ ম্যান’ আন্দ্রে রাসেল।
আইপিএলে কলকাতাকে একবার শিরোপার স্বাদ দিয়েছেন দুজন। বিপিএলে ঢাকা চতুর্থ আসরে যেবার শিরোপা জিতেছিল, সেবারও দুজন একই সঙ্গে ছিলেন। এবার তাদের রসায়নে আরেকটি শিরোপা জিততে চায় ঢাকা।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের সঙ্গ এবং অধিনায়কত্ব দারুণ উপভোগ করেন রাসেল। ডানহাতি এই পেস অলরাউন্ডার শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘সাকিব ভালো অধিনায়ক। আমি ওর সাথে কেকেআর এবং জ্যামাইকা তালাওয়াসে খেলেছি। ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে। মাঝে মাঝে বদমেজাজী হয়ে যায়, অধিনায়করা এটা হয়েই থাকে। আমরা যখন বাজে বোলিং করি কিংবা বাজে শট খেলি, অধিনায়ক রাগ হবে এটাই স্বাভাবিক। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। আমি জানি, অধিনায়ক হিসেবে সাকিব ভালো করবে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে।’
শিরোপা পুনরুদ্ধার করতে এবারও ঢাকা ভালো দল গড়েছে। সাকিব, রাসেলের পাশাপাশি সুনীল নারিন, কাইরন পোলার্ড, ইয়ান বেল, অ্যান্ড্রু ব্রিচকে দল ভিড়িয়েছে। দেশি ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন, মিজানুর রহমান, কাজী নুরুল হাসান সোহান ও শুভাগত হোমরা আছেন।
নিজেদের দল নিয়ে বেশ খুশি রাসেলও, ‘আমি মনে করি আমাদের দলটি বেশ ভালো। আমরা জিততে চাই। এখানে একেবারেই নতুন সেটআপ। যদিও আমি অনেকের সঙ্গে আগে খেলেছি। নতুন টুর্নামেন্ট, নতুন বছর। আমাদেরকে সামনে থেকেই খেলতে হবে। এরপর ধাপে ধাপে এগোতে হবে।’
এ বছর বিপিএলে টি-টোয়েন্টির দুই মহাতারকা ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্স যুক্ত হয়েছেন। তাদের উপস্থিতি এবং বিপিএলে অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বলে বিশ্বাস ক্যারিবীয় তারকার, ‘অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। যাদের নাম বললেন তাদের উপস্থিতি অবশ্যই স্পেশাল হবে। এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার যেকোনো মুহূর্তে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। ওরা দুজন যতক্ষণ ব্যাটিং করবে ততক্ষণ বিপক্ষ দলের ক্ষতি হবে। তাদের আটকে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। তাহলেই সফলতা মিলবে।’
বিপিএলের পুরো আসরে দেখা যাবে রাসেলকে। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজের লক্ষ্য স্থির রেখেছেন ডানহাতি পেস অলরাউন্ডার, ‘আমি আমার ব্যক্তিগত লক্ষ্য ঠিক রেখেছি। কিন্তু এটা আমি গোপন রাখছি। সবাইকে আমার লক্ষ্য জানাতে চাই না। বলছি না যে আমি ২০ উইকেট নেব কিংবা ৫০০ রান করব। কিন্তু আমি আমার লক্ষ্য ঠিক করেছি। সেটা অবশ্যই অর্জন করতে চাইবো।’

