স্পোর্টস ডেস্ক : বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চেতেশ্বর পূজারা ব্যাট করে যাচ্ছেন তো, করেই যাচ্ছেন। অক্লান্ত, অনমনীয়, বিরক্তিহীনভাবে। চার টেস্টে মাঠে নেমে তিনি ১১৩৫টি বল মোকাবেলা করেছেন। ধারাবাহিকভাবে রান করেছেন ৪৫৮টি (৩ সেঞ্চুরি, ১ হাফ সেঞ্চুরি)। তার মধ্যে ১৩০টি রান তিনি করেছেন চতুর্থ টেস্টের প্রথম দিনে আজ বৃহস্পতিবার সিডনিতে।
১.৩ ওভারের মাথায় দলীয় ১০ রানে লোকেশ রাহুলের উইকেট হারানোর পর তিনি মাঠে নামেন। এরপর গোটা দিন ব্যাট করেছেন। তাকে বিভ্রান্ত করতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। ২৫০ বল মোকাবেলা করে ১৬টি চারে ১৩০ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৩৯ রান নিয়ে অপরাজিত আছেন হানুমা বিহারি। ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে ভারত। পূজারা ও বিহারি বাংলাদেশ সময় শুক্রবার ভোরে দ্বিতীয় দিনে আবার ব্যাট করতে নামবেন।
পূজারা ছাড়াও প্রথম দিনে রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। তিনি ১১২ বল মোকাবেলা করে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রান করেছেন। দ্বিতীয় উইকেটে পূজারার সঙ্গে ১১৬ রানের জুটি গড়েছেন তিনি। পূজারার সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে দলীয় ১৮০ ও ব্যাক্তিগত ২৩ রানে আউট হয়েছেন কোহলি। চতুর্থ উইকেটে পূজারার সঙ্গে ৪৮ রানের জুটি গড়েছেন আজিঙ্কা রাহানে। তিনি ১৮ রানে আউট হয়েছেন। এরপর পূজারা ও বিহারি মিলে দিনের বাকি সময়টুকু পার করেছেন।
বল হাতে জস হাজলেউড ২টি, মিচেল স্টার্ক ১টি ও নাথান লায়ন ১টি উইকেট নিয়েছেন।

