নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য আসনের জন্য আবেদনের সময় শেষ হয়েছে। বুধবার রাত পর্যন্ত ৪০ হাজার আসনের বিপরীতে প্রায় ৩০ লাখ আবেদন জমা হয়েছে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা যায়। মেধা তালিকায় প্রথম থেকে ১৪তম নিবন্ধনধারী প্রায় ৭ লাখ লোক একাদিক বিষয়ে এ আবেদন করেছেন।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ লাখ আবেদন পড়েছে। বুধবার রাত ১২টায় আবেদন কার্যক্রম শেষ হলেও পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
তিনি বলেন, প্রাপ্ত আবেদনগুলো জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীতে একজন করে নিয়োগের জন্য চূড়ান্ত করে তাদের নিয়োগে সুপারিশ করা হবে। এরপর নির্বাচিতদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে মোবাইল ফোনে ও লিখিতভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হবে। এ ছাড়া এসএমএস করে নির্বাচিত প্রার্থীকে এ তথ্য জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৯ হাজার ৫৩৫ শিক্ষক নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ১৯ ডিসেম্বর থেকে শুরু হয় অনলাইন আবেদন কার্যক্রম।

