বিনোদন ডেস্ক : নানাভাবে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বলিউড তারকারা। পুরোনো স্মৃতি ভুলে নতুন বছর নিয়ে সাজাতে শুরু করেছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এ তালিকায় বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খানও রয়েছেন।
নতুন বছরে আমির খান কয়েকটি বিষয়ে অঙ্গীকার করেছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সেই অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। এক টুইটে তিনি লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার উপর সুখ ও শান্তি বর্ষিত হোক। আমার নতুন বছরের অঙ্গীকার :
১. সেরা শারীরিক গড়নে নিজেকে ফিরিয়ে নেয়া।
২. ২০১৮ সালের ভুল থেকে যা শিখেছি, সেই বিষয়ে প্র্যাকটিস করা।
৩. আমার এখন পর্যন্ত সেরা সিনেমাটি তৈরি করা।
৪. নতুন কিছু শেখা।
৫. আমার মা, সন্তান ও কিরণের (স্ত্রী কিরণ রাও) সঙ্গে বেশি বেশি সময় কাটানো।
জেনে অথবা না জেনে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থনা করছি। সবাইকে আমার ভালোবাসা।’
আমির খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা থাগস অব হিন্দোস্তান। দীপাবলী উপলক্ষে গত বছর ৮ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। কিন্তু শুরু থেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন দর্শক-সমালোচকরা। আমির খান ছাড়াও এতে অভিনয় করেন-অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য।

