বিনোদন ডেস্ক : লাক্স তারকা ও ছোট পর্দার অভিনেত্রী তানিন তানহা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্য বিদায়ী ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। প্রাপ্তি-অপ্রাপ্তিসহ গত বছরটি বেশ ভালো কেটেছে তানিন তার।
এ প্রসঙ্গে সঙ্গে কথা বলেন তানিন তানহা। তিনি বলেন, ‘২০১৮ সালের শুরুটা ভালোভাবেই হয়েছিল। আর শেষটাও ভালোভাবেই কেটেছে। গত বছর অনেক ভালো ভালো কাজ করেছি। আইফ্লিক্সের জন্য কাজ করেছি, সিনেমার কাজ করেছি। ১২টা একক নাটকের পাশাপাশি পাঁচটি সিরিয়ালে কাজ করেছি। কয়েকটি টেলিফিল্মেও কাজ করেছি। আইফ্লিক্সের কাজ করে অনেক ভালো সাড়া পেয়েছি। নতুন বছরের আরো ভালো ভালো কাজ করার ইচ্ছে আছে।’
গত বছর অনেক তারকাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। চলতি বছরেও অনেকে বিয়ের ঘোষণা দিয়েছেন। নতুন বছর বিয়ে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তানিন তানহা বলেন, ‘পারিবারিকভাবেই বিয়ের কথা চলছে। চলছে বলতে মোটামুটি চূড়ান্ত। ছেলে মিডিয়ার কেউ না, একটি ব্যাংকে চাকরি করে। এ বছর বিয়ে করার পরিকল্পনা আছে, না হলে ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসব।’
কুয়াকাটায় জন্মগ্রহণ করেন তানহা তানিন। তবে বেড়ে উঠেছেন গাজীপুরে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৪ সালে অনেকটা কৌতূহল থেকেই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান তিনি। এ প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন তানিন। পরবর্তীতে ‘লাইফ ইন মেট্টো’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় এই অভিনেত্রীর।

