স্পোর্টস ডেস্ক : বিদায় নিল ২০১৮ সাল। শুরু হয়েছে নতুন একটি বছর। আগের বছরের পারফরম্যান্সের ভিত্তিতে উইজডেন ক্রিকেট মান্থলি প্রকাশ করেছে ‘বর্ষসেরা টেস্ট একাদশ’। সেখানে অবশ্য বাংলাদেশের কেউ নেই। ইংল্যান্ডের তিনজন, দক্ষিণ আফ্রিকার দুইজন, ভারতের দুইজন এবং অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় রয়েছেন। মূলত ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৮ সালের ২০ নভেম্বরের মধ্যে যারা ব্যাট ও বল হাতে ভালো করেছেন তারাই স্থান পেয়েছেন এই একাদশে।
চলুন দেখে নেওয়া যাক কে কে এবং কেন তারা উইজডেনের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন।
১. এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকা : ১০ টেস্ট, ৭৮৫ রান (৪১.৩১ গড়), ৩ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরি
সেরা ইনিংস : ১৫২ (২১৬ বল, ১৭ চার ও ১ ছক্কা), ২০১৮ সালের মার্চে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে। ম্যাচ শেষে মার্করাম বলেছিলেন, ‘আমার ক্যারিয়ারের সেরা ইনিংস।’
২. দিমুথ করুণারত্নে, শ্রীলঙ্কা : ৯ টেস্ট, ৬৩২ রান (৩৯.৫০ গড়), ১ সেঞ্চুরি ও ৬ হাফ সেঞ্চুরি।
সেরা ইনিংস : অপরাজিত ১৫৮ (২২২ বল, ১৩ চার ও ১ ছক্কা), ২০১৮ সালের জুলাইতে গলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে। পৃথিবীর সেরা পেস আক্রমণের মুখে চতুর্থ ইনিংসে ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
৩. বিরাট কোহলি (অধিনায়ক), ভারত : ১৩ টেস্ট, ১৬৭৩ রান (৭৬.০৪ গড়), ৭ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরি।
সেরা ইনিংস : ১৪৯ (২২৫ বল, ২২ চার ও ১ ছক্কা), আগস্টে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে। একাই বুক চিতিয়ে লড়াই করেছিলেন। বাকিদের কেউ ৩০ রানও করতে পারেননি।
৪. স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া : ৮ টেস্ট, ৮২৯ রান (৭৫.৩৬), ৩ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি।
সেরা ইনিংস : অপরাজিত ১৪১ (৫১২ মিনিট, ৩২৬ বল, ১৪ চার), ২০১৭ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে প্রথম টেস্টে। এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ইনিংস। তার এই ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে অল্পরানে লিডও নিয়েছিল অস্ট্রেলিয়া।
৫. জো রুট, ইংল্যান্ড : ১৬ টেস্ট, ১১৩২ রান (৪০.৪২ গড়), ২ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরি।
সেরা ইনিংস : ১২৪ (১৪৬ বল, ১০ চার ও ২ ছক্কা) ২০১৮ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে। শ্রীলঙ্কার টার্নিং উইকেটে তৃতীয় ইনিংসে ব্যাট হাতে ঠাণ্ডা মাথায় লড়াই করে বছরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তাতে শ্রীলঙ্কাকে ৩০১ রানের টার্গেটি দিতে পারে ইংলিশরা।
৬. জস বাটলার, ইংল্যান্ড : ৯ টেস্ট, ৬৮০ রান (৪৫.৩৩ গড়), ১ সেঞ্চুরি, ৫ হাফ সেঞ্চুরি ও ৯ ক্যাচ (১টি উইকেটরক্ষক হিসেবে)।
সেরা ইনিংস : ৬৯ (১২২ বল, ৭ চার), ২০১৮ সালের আগস্টে ভারতের বিপক্ষে সাউদাম্পটনে চতুর্থ টেস্টে ৬৯ রানের ইনিংস খেলে সিরিজ জিতিয়েছিলেন ইংল্যান্ডকে।
৭. রবীন্দ্র জাদেজা, ভারত : ৭ টেস্ট, ২৫৯ রান (৫১.৮০ গড়), ১ সেঞ্চুরি, ১ হাফ সেঞ্চুরি, ৩০ উইকেট (২৩.০০ গড়), স্ট্রাইক রেট ৫২।
সেরা ইনিংস ও বোলিং : অপরাজিত ৮৬ (১৫৬ বল, ১১ চার ও ১ ছক্কা) ও বল হাতে ৭৯ রানে ৪ উইকেট।
ওভালে ২০১৮ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি।
৮. জ্যাসন হোল্ডার, উইন্ডিজ : ৭ টেস্ট, ৩৪ উইকেট (১৫.০৪ গড়), পাঁচ উইকেট (চার বার), ১০ উইকেট (ম্যাচে ১ বার), স্ট্রাইক রেট ৩৩, রান ৩৪৩ (গড় ৩১.১৮), ২ হাফ সেঞ্চুরি।
সেরা ইনিংস ও বোলিং : ৫২ (৯২ বল, ৬ চার) ও ৫৬ রানে ৫ উইকেট।
অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে ব্যাট ও বল হাতে বুক চিতিয়ে লড়াই করেছিলেন হোল্ডার।
৯. কাগিসু রাবাদা, দক্ষিণ আফ্রিকা : ১০ টেস্ট, ৪৯ উইকেট (১৯.৬৩ গড়), পাঁচ উইকেট (২ বার), ১০ উইকেট (ম্যাচে ১ বার). স্ট্রাইক রেট ৩৮।
সেরা বোলিং : ৫-৯৬ ও ৬-৫৪ (মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে)।
১০. জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড :
১৬ টেস্ট, ৫৯ উইকেট (২৩.৪৭ গড়), পাঁচ উইকেট (দুইবার), স্ট্রাইক রেট ৫৯।
সেরা বোলিং : ৫-২০ ও ৪-২৩ (২০১৮ সালের আগস্টে ভারতের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে)। এই ৯ উইকেট শিকার করে তিনি লর্ডসে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। তাতে মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় কোনো বোলার হিসেবে এক ভেন্যুতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি।
১১. মোহাম্মদ আব্বাস, পাকিস্তান : ৬ টেস্ট, ৩৮ উইকেট (১২.৫২ গড়ে), পাঁচ উইকেট (৩ বার), ১০ উইকেট (ম্যাচে ১ বার), স্ট্রাইক রেট ৩৩।
সেরা বোলিং : ৫-৩৩ ও ৫-৬২ ( ২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে দ্বিতীয় টেস্টে)। এ বছর আব্বাস দ্বিতীয় দ্রুততম সময়ে টেস্টে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

