চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ কর্মিদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। তার নাম আবু সাদেক (১৫)।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার জিরি দক্ষিণ মালিয়ারা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের কাছে এই সংঘর্ষ ঘটে। এর আগে শনিবার গভীর রাতে একই উপজেলায় বিএনপি কর্মীদের হামলায় স্থানীয় যুবলীগের এক কর্মী নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল জানান, ভোটকেন্দ্রের কাছে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের মধ্যেখানে পরে আবু সাদেক নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করেছে। ঘটনার পর এই ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

