লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপির গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ছাত্রলীগ ও যুবলীগ কর্মী।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- বড়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২১)। তিনি দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী। আহত অন্যজন হলেন লালপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে যুবলীগ কর্মী রাকিব হোসেন (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ছাড়া, জহির ও রাকিবসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ কেন্দ্রের পিছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভোটকেন্দ্রের পিছন থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক লাশটির নাম-পরিচয় জানা যায়নি।

