চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড সড়কে ইপিজেড কর্মীদের বহনকারী একটি বাসের সাথে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) ইমাম হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেইপিজেডের শ্রমিক-কর্মচারীদের বহনকারী দ্রুতগামী বাসের সাথে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু ঘটে। নিহতরা হলেন- গার্মেন্টস শ্রমিক আবদুল লতিফ (৫০), সুলতানা রাজিয়া (৩৫) এবং মো. ইরফান (২৭)।

