টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে মাটি খুঁড়ে কেশব চন্দ্র সরকার (৪৫) নামের এক প্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা মঙ্গলবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার সকালে টাঙ্গাইলের ডিবি পুলিশের ওসি (দক্ষিণ) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার অভিযান চালিয়ে উপজেলার সৈদামপুর গ্রামের মৃত খোরশেদ চৌধুরীর ছেলে জহিরুল চৌধুরী (২৭), একই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে মঞ্জুরুল আলম (৩৩) ও আজিজ চৌধুরীর ছেলে আব্দুল চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলা ও ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর উপজেলার সৈদামপুর গ্রামের ভুবচান সরকারের ছেলে কেশব চন্দ্র সরকার (৪৫) স্থানীয় বাজার থেকে নিখোঁজ হন। ঘটনার এক সপ্তাহ পর মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন ১৪ ডিসেম্বর এ ঘটনায় নিহতের স্ত্রী রিতা রাণী বাদি হয়ে বাসাইল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীকালে বাসাইল থানা পুলিশ মামলাটি টাঙ্গাইলের ডিবিতে হস্তান্তর করে।
ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজনকে ঢাকার বাড্ডা থেকে ও দুইজনকে বাসাইল উপজেলার সৈদামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতে উঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

