ফরিদপুর প্রতিনিধি : সালথা ও নগরকান্দা উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর-২ আসনে গণসংযোগ করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
সোমবার সকালে তিনি সালথা উপজেলা রসুলপুরে নিজ বাড়িতে রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবুর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম, সংসদ উপনেতার একান্ত সহকারী সচীব মো. সফি উদ্দিন, ইটালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসনে নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর পক্ষে জনসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ফয়সাল হাসান শাওন। তিনি নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এর আগে রোববার বিকেলে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি বলেন, ‘এবারের নির্বাচন স্বাধীনতার স্বপক্ষের সাথে স্বাধীনতা বিরোধীদের নির্বাচন। যারা দেশকে ভালোবাসে তারা ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি এদেশের শান্তি যারা বিনষ্ট করতে চায় তারাও ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমাদের সচেতন হতে হবে যেন কোনোভাবে মিথ্যা প্ররোচনায় পড়ে নৌকার বিজয় নস্যাৎ না হয়ে যায়।’
চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে আজাদ।
এ কে আজাদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী হতে পারলে পদ্মা সেতু বাস্তবায়ন হবে, শিল্প কারখানা হবে, কারিগরি কলেজ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের কোটি কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এগুলো একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই করা সম্ভব।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কাজী সফিউদ্দিন, হায়দার হোসেন, বেলায়েত হোসেন রুবেল, শহিদুল ইসলাম প্রমুখ। জনসভায় কাজী জাফরউল্লাহর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার জাফরউল্লাহ, যুবলীগ নেতা সায়েদিদ গামাল লিপু, আব্দুল কাউসারসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

