নোয়াখালী প্রতিনিধি : নির্বাচনে বিএনপি এখন এলোমেলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্তী ওবায়দুল কাদের কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে হারার আগে হেরে গেছে।’
রোববার দুপুরে মন্ত্রী নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সেনবাগ বাজারের পাইলট হাইস্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের একমাত্র দোষ তারা জিতার আগে জিতে যায়। আপনাদের কাছে অনুরোধ জিতার আগে জিতবেন না। মনে রাখবেন, এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে।’
মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘বিএনপি মানে সন্ত্রাস, দুর্নীতি, খুন। বিএনপির এই রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তারা ক্ষমতায় আসলে রক্তগঙ্গা হবে। বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন। এই আলোর পথকে আরো উন্নত করতে হবে। আমাদের বিশ্বাস আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম এমপি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিক ভূঁইয়া, লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

