নিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন-পরশ তালুকদার ওরফে পরশ।
গত ১৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রেজাউল করিম আসামিদের আদালতে হাজির করে পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেন। মূল নথি না থাকায় আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ঠিক করে দেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী নেহার হোসেন (ফারুক) রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন। এদিকে রিমান্ড আবেদনে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করা হয়। রায়ের প্রতিবাদে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ আসামিরা বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দিয়ে নেতা-কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপে উদ্ধুদ্ধ করে।
আরো বলা হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পল্টন মডেল থানাধীন বিজয়নগরে রাস্তা বেরিকেড দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রশাসনের অনুমতি না নিয়ে হঠাৎ অবৈধ জনতাবদ্ধে মিছিল বের করে বিভিন্ন প্রকার সরকারবিরোধি স্লোগান দিতে থাকে। তখন টহলরত পুলিশ মিছিলকারীদের নিবৃত্ত ও শান্ত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেলসহ ককটেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য জখম হন।
মামলার সুষ্ঠু তদন্ত, আসামিদের মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ, তাদের সহযোগি এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারসহ নাম-ঠিকানা সংগ্রহের লক্ষ্যে সাতদিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর রাজধানীর মহাখালী এলাকা থেকে শহিদুল ইসলাম বাবুলকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

