পাবনা প্রতিনিধি : দুর্নীতির দায়ে রাজনীতির মাঠে নেতৃত্ব শূন্য হয়ে বিএনপি ড. কামাল হোসেনকে ভাড়া করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার রাতে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক প্রিন্সের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘ভাড়াটে খেলোয়ার দিয়ে খেলায় জেতা যায় না।’
বিএনপি-জামায়াতকে খুনির দল আখ্যায়িত করে তিনি বলেন, ‘ড. কামাল, কাদের সিদ্দিকী, আ স ম রবের মতো বঙ্গবন্ধুর স্নেহ পাওয়া নেতারা ক্ষমতার লোভে স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে ঐক্য করেছেন। বিজয়ের মাসে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করবে।’
জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বেঈমান, বিশ্বাস ঘাতক মন্তব্য করে নাসিম বলেন, ‘পাকিস্তানের দোসরদের সঙ্গে হাত মিলিয়ে যারা দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন জনগণ তাদের নির্বাচনে লাল কার্ড দেখিয়ে চিরদিনের মতো বিদায় করে দেবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না, খেলেই জিততে চায়। নির্বাচনে এসেছেন স্বাগত জানাই, কিন্তু ফাউল করার চেষ্টা করবেন না।’
পাবনা পৌর সদরের শালগাড়ীয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত চৌধুরী, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আবু ইসহাক শামিম, পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক প্রমুখ।

