নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেন এখন বেশি উত্তেজিত হন, খামোশও বলেন, খামোশ উচ্চারণ করতেও দ্বিধা করেন না।
বুধবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘অবাক লাগে খোন্দকার মোস্তাকের সঙ্গে বঙ্গবন্ধুর সহকর্মী ড. কামাল হোসেনের আদর্শগত কোনো পার্থক্য খুঁজে পাই না। কী করে আপনি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলালেন? কী করে আপনি বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মেলালেন? কী করে আপনি ২১ আগস্টের খুনি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নেতৃত্ব মেনে নিলেন। কোথায় আপনার নীতি, কোথায় আপনার নৈতিকতা।’
পথসভায় সোন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলু মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান।

