কুমিল্লা প্রতিনিধি : জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ বর্তমান নির্বাচন কমিশনকে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে যাচ্ছে। নির্বাচন কমিশন বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। কিন্তু আমরা বলছি, নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ডের নামে একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।’
কুমিল্লার চান্দিনায় জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এসব কথা বলেন তিনি।
চান্দিনার রেদওয়ান আহমেদ কলেজ মাঠে আয়োজিত জনসভায় ২০ দলীয় ঐকজোটের চান্দিনা উপজেলা শাখার সমন্বয়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের কুমিল্লা-৭ চান্দিনা আসনের প্রার্থী ড. রেদওয়ান আহমেদ।
নির্বাচনকে ঘিরে এ জনসভা উৎসবে পরিণত হয়। নানা স্লোগানে মুখরিত হয় সভাস্থল।
সবার জন্য সমান সুযোগ করে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান নেতারা। তারা আশা করেন অংশগ্রহণমূলক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন কার্যকর ভূমিকা রাখবে। আর ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দেবে।

