আন্তর্জাতিক ডেস্ক : আগামী দিন কয়েকের মধ্যে আরও ৫৫ জনের ফাঁসি নিশ্চিত করছে পাকিস্তানের আদালত। দোষী সাব্যস্তদের ক্ষমা প্রাপ্তির আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মামুন হোসেইন।
বিগত ২০১২ সাল থেকে ৫৫এরও অধিক সাধারণ ক্ষমার আবেদন স্থগিত অবস্থায় ছিল। তৎকালীন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি দোষী সাব্যস্তদের ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। বর্তমান রাষ্ট্রপতি সাধারণ ক্ষমার আবেদন নাকচ করে দেয়ার পর, ফাঁসি নিশ্চিকরণে আর কোন বাধা থাকলো না। ২১ ডিসেম্বর রোববার দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ডন এ খবর প্রকাশ করে।
বর্তমান রাষ্ট্রপতির মুখপাত্র বলেন, ‘পূর্ব্বতন রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা নাকচও করে দেননি, আবার চূড়ান্ত কোন সিদ্ধান্তও প্রদান করেননি। এবার ফাঁসি কার্যকরে আর কোন বাধা নেই, এবং শিগগিরই তা বাস্তবায়িত হবে।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের জানান, আরও ৫ শতাধিক ‘জঙ্গিকে’ শিগগিরই ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে আরও শতাধিক সাধারণ ক্ষমার আবেদন রাষ্ট্রপতির সমীপে জমা হতে চলেছে।
পাকিস্তানের চলতি আইন অনুযায়ী ক্ষমার আবেদন নাকচ হওয়ার অন্তত ১৪ দিনের মধ্যে আসামীর ফাঁসি বাস্তবায়িত করা হয়। তবে দেশটির পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক সরকার, পরিস্থিতির সাপেক্ষ সময়সীমাকে ১৪ দিন থেকে ২ দিনে নামিয়ে এনেছে।

