আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। প্রায় আট বছর অনানুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের শাস্তি বন্ধ থাকার পর রবিবার আবারও এ দণ্ড দেয়া হলো।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় বার্তাসংস্থা পেত্রা নিউজ এজেন্সিকে জানান, রবিবার বিকেলে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দন্ডিতরা সবাই জর্ডানের নাগরিক এবং ২০০৫ ও ২০০৬ সালে হত্যার দায়ে অভিযুক্ত।
২০০৬ সালে জর্ডানে সর্বশেষ মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ওই বছর সর্বমোট ১২২জনকে এ দণ্ড দেয়া হয়। এরপর অনানুষ্ঠানিকভাবেই দেশটিতে মৃতুদণ্ড দেয়া বন্ধ রাখা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী হুসেইন মাজাল সম্প্রতি মৃত্যুদণ্ড বন্ধ করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে দেশের ভেতরে বিতর্ক রয়েছে। কারণ দেশটির ‘জনগণ মনে করে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় প্রতিনিয়ত অপরাধের সংখ্যা বাড়ছে।’

