সিলেট প্রতিনিধি : উজানের ঢল ও বৃষ্টিপাতে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাঁচটি পয়েন্টেই বেড়েছে এ দুই নদীর পানি। এতে বিয়ানীবাজার, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার, শেওলায় ১০৭ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত কম হওয়ায় সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ভারতের আসাম ও মেঘালয়ে বৃষ্টি হলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা।

