ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদক সরকারের এজেন্ট : মওদুদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থ লেনদেনের তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাঠে নামার খবরে প্রতিষ্ঠানটিকে ‘সরকারের এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।
বিএনপিকে আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের বাইরে রাখতেই সরকার ও দুদক ‘অভিন্ন’ উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে, এই দুর্নীতি দমন কমিশন সরকারের একটা এজেন্ট হিসেবে কাজ করছে। সরকারের যে উদ্দেশ্য, দুর্নীতি দমন কমিশনের উদ্দেশ্যও একই। যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে হবে তারা যাতে নির্বাচনে না আসতে চায়।’
‘সরকারকে বলব, আপনারা যত ধরনের অত্যাচার নির্যাতন করুন না কেনো, যতই কলাকৌশল করেন না কেনো, যত রকমের ষড়যন্ত্র করেন না কেনো, যতভাবে আমাদের নিষ্পেষিত করেন না কেনো; বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
মওদুদ বলেন, ‘৮ জন শীর্ষ নেতার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ এনে সংবাদপত্রে দিয়ে তাদের চরিত্র হননের ব্যবস্থা করেছে সরকার। এটাও তাদের ষড়যন্ত্রের অংশ। উদ্দেশ্য একটাই, বেগম খালেদা জিয়াকে জেলখানায় রাখা এবং বাকি শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, যাতে করে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে। এমন অবস্থা করা যাতে এই দল নির্বাচনে আসতে না পারে। এটাই হলো তাদের মূল্য লক্ষ্য।’
দুদকের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘দুর্নীতি দমন কমিশন সম্পর্কে কী বলব। এই কমিশন তো আমরাই করেছিলাম অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে। সত্যিকার অর্থে যারা দুর্নীতিপরায়ণ বিশেষ করে যারা ক্ষমতায় আছে তাদের দুর্নীতি ধরবে, একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। কিন্তু এখন এই দুর্নীতি কমিশন সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’
দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করে বিএনপিকে দলকে দুর্বল করা যাবে না বলেও সরকারকে সতর্ক করে দেন দলটির এই নীতি নির্ধারক।
সংগঠনের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সভানেত্রী রেহানা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির একাংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।