নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের কঠোর সমালোচনাও করেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির বিরুদ্ধে ডাহা মিথ্যাচার করছেন। তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন, গতকালও চাঁদপুরে সরকারি টাকা ব্যয়ে জনসভা করে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন যা আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।’
তিনি বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুটি নির্বাচনই দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। ফলে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রান্তেই নৌকার পক্ষে ভোট চান না কেন তা ঘোষিত তফসিলের মধ্যে পড়ে। সেটা নির্বাচন আচরণ বিধিমালার সুষ্পষ্ট লঙ্ঘন।’
আচরণবিধি লঙ্ঘনের বিপরীতে নির্বাচন কমিশন চুপ থাকায় এর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু ক্ষমতাসীনদের নির্বাচনী আইন ভঙ্গের ব্যাপারে নির্বাচন কমিশন রিপভ্যান উইংকেল-এর মতো দীর্ঘ নিদ্রায় শায়িত থাকে।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর মহাখালীতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিফলেট বিতরণ শুরু করলে পুলিশ বাধা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রিজভী।
বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিএনপির পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী। দেশব্যাপী মহানগর ও জেলা সদরেও এই কর্মসূচি পালিত হবে।

