নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে চরমোনাইপীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ।শুক্রবার বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবি এম জাকারিয়া হাজারীবাগ থানার ৫৫ নম্বর ওয়ার্ড শাখার সদস্য সম্মেলনে এই অভিযোগ করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দেশের ১৩৩টি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নজিরবিহীন অনিয়ম ও নৈরাজ্য জাতি প্রত্যক্ষ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় এই নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণে চরম ব্যর্থ হয়েছে। এতে জাতি হতাশ। ১৩৩টি স্থানীয় সরকার নির্বাচনের চিত্রই প্রমাণ করে তারা নিরপেক্ষ নয়, বরং বর্তমান নির্বাচন কমিশন রকিবুদ্দিন কমিশনের পথেই হাঁটছে। দলীয় সরকারের অধীনে দেশে যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তা আবারো প্রমাণিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি নাজির আহমদ এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান সরকার, থানা সভাপতি ডা. মুহাম্মদ মজিবুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ আবুল হাসান প্রমুখ।

