নিজস্ব প্রতিবেদক : অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর যারা বারবার আঘাত করছে তাদের প্রতিহত করতে হবে। যারা বাংলাদেশকে রক্ষা করছে তাদের হত্যা করতে চায় ষড়যন্ত্রকারীরা। বিএনপি ও জামায়াত শিবির দেশকে অস্থিতিশীল করতে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের মানুষকে নিয়ে তা প্রতিহত করতে হবে।
শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১৪ দলের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম তার বক্তব্যে বলেন, যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই যথাসময়ে নির্বাচন হবে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর কোনো দিন আসবে না। এজন্য সংবিধান সংশোধন করা হয়েছে। ২০১৪ সালে নির্বাচন না হলে এদেশে এখনো সামরিক শাসন থকত।
তিনি বলেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসতে চায়। খালেদা জিয়া ও জামায়াত শিবিরের সকল প্রকার চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হয়েছে। এদেশ থেকে মঙ্গা নামক শব্দটি চলে গেছে। বিদ্যুৎসহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে।
মোহাম্মদ নাসিম জাতীয় পার্টি ও দলের চেয়ারম্যান এরশাদের উদ্দেশে বলেন, এরশাদ ক্ষমতায় থাকাকালীন বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন। আগামী নির্বাচনে রংপুরেও লাঙ্গল মার্কাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। রংপুরে আওয়ামী লীগ নৌকা মার্কায় প্রার্থী দেবে।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিএিনপি আন্দোলনের ভয় দেখায়। আন্দোলন শিখতে হলে ১৪ দলের কাছে শিখতে হবে। আন্দোলন কাকে বলে ১৪ দল জানে। জেল-জুলুম-নির্যাতন সহ্য করার ক্ষমতা ১৪ দলের আছে।
তিনি খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে নাসিম বলেন, খালেদা জিয়া যদি সত্যি অসুস্থ হয় তা হলে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলছি তার চিকিৎসার সব কিছু আমি বহন করব।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার আইনজীবী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে যুদ্ধাপরাদীদের পক্ষ নিয়েছিল। বিএনপি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে ১৪ দলের সম্প্রীতিকে আরো মজবুত করতে হবে।
রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুন্সি এমপি,গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা শাহদাৎ হোসেন, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি ও জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল আলম প্রধান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ছফিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজুসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতৃবৃন্দ।

