ঢাকাThursday , 29 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে পণ্য বাজারে যাতে কেউ কৃত্তিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।
বৃহস্পতিবার রাজধানী ঢাকায় তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিত করণ : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নবগঠিত ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ এ সেমিনারের আয়োজন করে।
এককভাবে কেউই পণ্য-বাজারে প্রভাব বিস্তার করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পণ্য-বাজারগুলোতে ব্যবসায়িক প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। বাজারে যাতে অসম বিপণন ব্যবস্থার সৃষ্টি না হয় বা ভোক্তার স্বার্থ পরিপন্থী কিছু না ঘটে, সে লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হয়েছে। এখন এ কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে।’
তিনি বলেন, ‘ব্যবসাবান্ধব বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে ভোক্তার অধিকার নিশ্চিত করতেও কাজ করছে।’
প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু ও এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ড. শিবলী রুবায়েত উল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ, উন্নয়ন সমন্বয়-এর এমিরেটাস ফেলো ড. এনামূল হক এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সল আহমেদ।