নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে দুই দিনের ঘোষিত কর্মসূচি পালনের জন্য রাজধানীতে স্থান ঘোষণা করেছে দলটি। আগামী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন পালন করবেন নেতা-কর্মীরা।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একই দাবিতে আগামী বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরসহ সারা দেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উক্ত অবস্থান কর্মসূচি পালিত হবে।
দুর্নীতি মামলায় কারান্তরীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন, অনশন, বিক্ষোভ, মিছিল, কালো পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি পালন করেছে দলটি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি রয়েছে দলটির। যদিও এর আগে সমাবেশের জন্য স্থান বরাদ্দ চেয়ে সংশ্লিষ্টদের কাছে আবেদন করলেও তাতে সাড়া পায়নি।

