বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে এনটিভিতে ১৬ ডিসেম্বর রাত ৯টায় প্রচারিত হবে খন্ড নাটক ‘পেইজ সিক্সটিন’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নিশো, তিশা, মহসিন আলি প্রমুখ।
নাটকটি সম্পর্কে পরিচালক আরিফ এ আহনাফ বলেন, ‘আমি মূলত ডার্ক এবং সাসপেন্সধর্মী গল্প নিয়ে কাজ করতে ভালোবাসি। সেদিক থেকে পেইজ সিক্সটিন নাটকটিও তার ব্যতিক্রম নয়। তবে আমরা তথাকথিত নাটক বানাতে চাইনি, তাই আমাদের এই নাটক-সংশিষ্ট সবার মধ্যেই একটা চাপা ভয় কাজ করেছে। এমনকি ভয়টা নাটকটি প্রচার না হওয়া পর্যন্ত থেকে যাবে।’
‘পেইজ সিক্সটিন’ নাটকের গল্পে দেখা যাবে, জামশেদ মুস্তাফী একজন অভিজাত ব্যবসায়ি। তার জীবনের দুটো অংশ। একটি হলো তার মেয়ে এবং দ্বিতীয়টি ব্যবসা। জামশেদ মুস্তাফীর একমাত্র মেয়ে আরাবী চৌধুরী। তার জীবনে ভালোবাসার উপাদান হচ্ছে তার বাবা আর তার ভালোবাসার মানুষ রাকিব। রাকিব মাহমুদ সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। সে তার পত্রিকা ‘৭১ এর যে গল্প বলা হয় নি’ নামে একটি টপিকসের জন্য বিভিন্ন না বলা মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ শুরু করেন, যারা ৭১-এ এ দেশেই ছিলো। আর ওদিকে মেয়ের পছন্দের ছেলের সাথে বিয়ে দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে থাকেন জামশেদ মুস্তাফী। এভাবে নাটকের কাহিনী এগিয়ে যায়।

