ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়নে ঈর্ষণীয় সাফল্য
বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ পেয়েছে ২১ লাখ, স্বাবলম্বী হয়েছে সাড়ে ৫ লাখ

Link Copied!

জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল ৩১ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, সচিব মো. আসাদুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : আজ ১ নভেম্বর পালিত হবে জাতীয় যুব দিবস। এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’। দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বর্তমান সরকারের শাসনামলে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের পাশাপাশি যুব উন্নয়নেও ঈর্ষণীয় সাফল্য এসেছে। এই সময়ে ২১ লাখেরও বেশি যুব ও যুব নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এর মধ্যে থেকে সাড়ে ৫ লাখ যুব ও যুব নারী আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। জাতীয় যুব দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে গতকাল ৩১ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ২১ লাখ ৮ হাজার ৩ শ’ ৯৪ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তার মধ্য থেকে ৫ লাখ ৫৮ হাজার ৩ শ’ ৫৬ জন আত্মকর্মসংস্থানের মাধ্যেমে স্বাবলম্বী হয়েছে। তিনি বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৩৪ জনকে প্রশিক্ষণ এবং ১ লাখ ১১ হাজার ৬৯৯ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি যুগোপযোগী জাতীয় যুবনীতি প্রণয়নের লক্ষ্যে ২০০৩ সালের যুবনীতি পরিবর্তন করে বর্তমান সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি জাতীয় যুবনীতি গ্রহণ করা হয়েছে। বর্তমানে এর কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
আজ দুপুর ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষিত সকল যুবক ও যুব নারীদের মধ্য থেকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২২ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠকসহ মোট ২৭ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। এছাড়া হোটেল ওয়েস্টিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কমনওয়েলথ ও সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশনের সমন্বিত উদ্যোগে দেশি ও বিদেশি যুব প্রতিনিধি, যুববিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং স্টেক হোল্ডারদের অংশগ্রহণে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।