ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও অনলাইন নিউজ পোর্টাল এটিএন টাইসের সহ সম্পাদক আরিফুর রহমানের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। মানববন্ধন থেকে হামলাকারিদের চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসনদ বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, ‘মানুষ কত নিমর্ম হলে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করতে পারে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চারুকলাতে ঢুকার অধিকার সব শিক্ষার্থীর আছে। কিন্তু কেন তারা বাধা দিয়ে এ শিক্ষার্থীকে মারধর করল?’ এ সময় হামলায় জড়িত থাকা সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় সাংবাদিক আরিফ চারুকলায় ঢুকতে গেলে ছাত্রলীগের সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রন ইট দিয়ে আঘাত করে আরিফের মুখ থেতলে দেয়। বর্তমানে আরিফ ডিএমসি থেকে চিকিৎসা নিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি আছে।

