ময়মনসিংহ প্রতিনিধি : জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে ফুটবলার সাবিনার আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।বুধবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে কলসিন্দুর আইনুল উলুম মাদ্রাসা মাঠে বুধবার হাজারো মানুষের অংশগ্রহণে সাবিনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনার কফিনে শ্রদ্ধা জানান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম গালিভ খান ও উপজেলা নির্বাহী অফিসার মাহদী হাসান। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষে শ্রদ্ধা জানান আরিফ, বোরহান উদ্দিন ও মকবুল হোসেন।
জানাজা পূর্ব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম গালিভ খান ও উপজেলা নির্বাহী অফিসার মাহদী হাসান প্রশাসনের পক্ষ থেকে সাবিনার বিধবা মা ফজিলা খাতুনের নামে বিধবা ভাতা ও খাস জমি বন্দোবস্ত প্রদান করেন এবং তার আবাসনের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক এস.এম আব্দুল খালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মির্ধা, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শওকত আলম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রশিক্ষক মফিজ উদ্দিন মাস্টার, কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রানী সরকার, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উপজেলা বিএনপি সভাপতি মফিজ উদ্দিন প্রমুখ।

