মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই। তাই সম্প্রতি প্রধানমন্ত্রী চীনের সাথে এ বন্দর উন্নয়নের চুক্তি সম্পাদন করেছেন। তবে বর্তমানে সক্ষমতার জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। এখানে যে গভীরতার জাহাজ আসা প্রয়োজন তা আসতে পারছেনা। এজন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আমরা আউটারবার ও ইনারবারে ড্রেজিং করেছি। এখন সংরক্ষণ ড্রেজিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। এতে এ বছরের শেষ দিকে অধিক গভীরতার জাহাজ এ বন্দরে আসতে পারবে। ফলে বন্দরের গতিশীলতা বাড়বে।
মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য (উন্নয়ন ও প্রকৌশল) শওকত আলী, পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ, পরিচালক (প্রশাসন) লেঃ কর্নেল আরিফ বিল্লাহ, পরিচালক (ট্রাফিক বিভাগ) কামাল হোসেন, উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) সালাউদ্দিন কবির। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের এ মতবিনিময় সভায় বাগেরহাট ও মোংলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

