কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে তিন লাখ ইয়াবাসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার ছেঁড়াদ্বীপের ডিম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাফর ইমাম সজীব জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল ছেঁড়াদ্বীপের ডিম সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় নৌকাটি দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে ৬ মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে নৌকাটি তল্লাশি করে ৩ লাখ ইয়াবা পাওয়া যায়। আটককৃত মিয়ানমার নাগরিকদের পরিচয় জানা সম্ভব হয়নি।

