দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মেধা, শ্রম, নেতৃত্ব ও প্রতিভাকে এক জায়গায় নিয়ে আসা। একক ভাবে কাজ করার চেয়ে সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব। ঐক্যবদ্ধ শক্তির কাছে যেকোনো অপশক্তি পরাজিত হতে বাধ্য। রোববার (৮ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে “করবো সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সমবায় অফিসার মাহবুবুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সাইখুল আরেফিন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট বিআরডিপির উপ-পরিচালক এ কে এম শামীমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব। তাই সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সরকারি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে সমবায়ের মাধ্যমে উৎপাদিত হস্তশিল্প ও পণ্যকে উৎসাহিত করতে হবে। এর আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫৫তম জাতীয় সমবায় দিবসের একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সমবায় বিভাগের পক্ষ থেকে ২জনকে ১লক্ষ টাকা করে এবং বিআরডিবির পক্ষ থেকে ১জনকে ১লক্ষ ৫০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও লালমনিরহাট জেলার ৮জন সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

