সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছিল। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক-খুলনা। নজরুল ইসলাম মঞ্জু বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে নানা সংকট, দুর্নীতি, অপশাসন ও নিপীড়নের কারণে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই সময়ের নেতৃত্বশূন্যতা পূরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তী সময়ে তাঁর নেতৃত্ব দেশবাসীকে নতুন স্বপ্ন দেখিয়েছিল। বাংলাদেশ ব্যাংক-খুলনার অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী পরিচালক শামসুল আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু।

