নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বাসায় ঢুকে মোহাম্মদ রাজন মিয়া (২৯) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের কালশী স্কুলের পেছনে আলাউদ্দিন মাদবরের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, রাজন এলাকাতে ভাঙারির ব্যবসা করেন। ওই বাসায় তিনি ভাড়া থাকেন।
রাজন মিয়ার স্ত্রী ডলি আক্তার জানান, সকালে কয়েকজন লোক তাদের দরজায় কড়া নাড়ে। সেসময় সবাই ঘুমিয়ে ছিলেন। শব্দ পেয়ে রাজন ঘুম থেকে ওঠে দরজা খুলতে যান। তবে এর আগে জানালা দিয় উঁকি দিয়ে দেখছিলেন কারা এসেছে। সে সময়ই কাঁচের জানালা ভেদ করে একটি গুলি আসে। এর পরই সবাই পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজনের গলার ডান পাশে একটি গুলি লেগেছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

