মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। কামাল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ষোলটাকা গ্রামের মৃত আব্দুস সাত্তার জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাই আব্দুল হান্নানের জামাতা একই গ্রামের মাজেদুল ইসলামের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল কামাল হোসেনের। এর জেরে আজ সকালে দুপক্ষের মধ্যে হালকা সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে কামাল হোসেন গাংনী থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে তার ওপর অতর্কিত হামলা চালায় মাজেদুল ইসলাম ও তার পক্ষের লোকজন। এ সময় মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন কামাল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সজিবউদ্দীন স্বাধীন জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হামলাকারীদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে।

