মেহেরপুরের গাংনীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জুয়েল হোসেন গাংনী চৌগাছা গ্রামের আবুল হাসেনের ছেলে। শনিবার দুপুরে উপজেলার চৌগাছা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। পুলিশ ও পরিবারের অভিযোগ, ঘটনার দিন মাছ ধরা দেখতে যায় শিশুটি। এ সময় পূর্বপরিচিত ওই যুবক তাকে মাছ দেওয়ার কথা বলে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে। পরদিন বাথরুমে গেলে ব্যথায় কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ঘটনা প্রকাশ পায়। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় শিশুটির বাবা গাংনী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গাংনী উপজেলার গাঁড়াডোব এলাকা থেকে অভিযুক্ত যুবককে তার নানার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

